দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। রাতে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
আটক দুজন হলেন ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদ (২০)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, উদ্ধার করা মালামালের মধ্যে প্রায় ৯০ কেজি তামার তার, ২৫ কেজি অ্যালুমিনিয়ামের তার, তার কাটার বিভিন্ন সরঞ্জাম, একটি শাবল, লোহার দুরমুজ এবং প্রায় ৮৫ কেজি পুরোনো লোহার রডের টুকরা রয়েছে। এ ছাড়া বিদ্যুতের তার সংযোগে ব্যবহৃত ১৩ কেজি ওজনের একটি লোহার পাতও উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের ১১ কেভি ও ৩৩ কেভি লাইনের তামার তার চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশকে একাধিকবার অবহিত করে।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে পল্লী বিদ্যুতের লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে ডিবি। বিকেল পর্যন্ত চলা অভিযানে প্রথমে কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং-সংলগ্ন একটি আবাদি জমিতে তার চুরির আলামত পাওয়া যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে রেল প্রকল্পের ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এদিকে, চোরাই তামার তার উদ্ধারের জন্য নাজমুল হুদা রিহাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে চারটি বড় ধারালো দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই